ভাতিজার বিয়ে। সেখানে আনন্দ করছিলেন এক নারী আর তার স্বামী। ডিজে গান বাজানো নিয়ে হঠাৎ স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হয় দুই যুবকের। তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেছে দিল্লির মান্গল্পুরি এলাকার ৩২ বছর বয়সী ওই নারীর।
এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি শুক্রবার গভীর রাতের। শনিবার দুই অভিযুক্তকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিয়ের আনুষ্ঠানিকতার সময় সুনীতা নামের ওই নারীর স্বামী সজনের সঙ্গে হাতাহাতি হয় আকাশ এবং সন্দীপের। এদের মধ্যে একজন হঠাৎ গুলি চালায়।
গুলি সজনের শরীরে না লেগে সুনীতাকে আঘাত করে। হাসপাতালে নিতে নিতে তিনি মারা যান।
পুলিশ বলছে, অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আগে থেকে চুরি এবং ছিনতাইয়ের অভিযোগ আছে।
