চৌধুরী কামাল ইউসুফের কন্যা হত্যা মামলায় কারাগারে

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০৮:৪৫ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফকে একটি হত্যা মামলায় জামিন না-মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে জামিন নিতে হাজির হলে তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১১ ডিসেম্বর ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিতে দু’পক্ষের কথা-কাটাকাটির জের ধরে আওয়ামী লীগ নেতা ইউসুফ ব্যাপারী (৪০) নামে এক ব্যক্তির নিহত হয়।

এ ঘটনায় নিহতের ভাই সোহরাব ব্যাপারী বাদী হয়ে ৩৮ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কোতোয়ালি থানায় দায়েরকৃত ওই মামলা নম্বর- ৭৮৯/১৮। এই মামলায় ৩৭ নম্বর আসামি চৌধুরী নায়াব ইউসুফ গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। 

রোববার দুপুরে স্থায়ী জামিন লাভের জন্য জেলা জজ আদালতে তিনি হাজির হন। দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে। 

জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শহিদুল্লাহ জাহাঙ্গির জানান, আমরা ২০ জন আইনজীবী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে জামিন শুনানিতে অংশ নেই। এ সময় বিজ্ঞ বিচারকের কাছে জামিন প্রার্থনা করে জানাই, মামলার এজাহারে চৌধুরী নায়াব ইউসুফের নাম যুক্ত করা হলেও তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। এ ছাড়া নিহতের ইনজুরি রিপোর্টেও আঘাতের কোন চিহ্ন নেই। তাই এটি আদৌ হত্যা মামলা কিনা সেটিই বিচার্য বিষয়।

জবাবে সরকার পক্ষের আইনজীবী গণ জামিনের বিরোধিতা করে বলেন, এজাহার অনুযায়ী তিনি সরাসরি এই মামলায় সম্পৃক্ত না হলেও তার হুকুমেই এই ঘটনা ঘটে। উচিত ছিল তাকে প্রধান আসামি করা। সরকার পক্ষে এপিপি অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী, অ্যাডভোকেট অনিমেষ রায়, লক্ষণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল পৌনে ৫টার দিকে চৌধুরী নায়াব ইউসুফকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছাড়াও ফরিদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত