ভেনেজুয়েলায় ফিরেছেন স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইদো

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১২:১৯ পিএম

আদালতের ভ্রমণ নিষেধাজ্ঞা আমলে নিয়ে দেশে ফিরেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো। প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরোর ওপর আঞ্চলিক চাপ সৃষ্টির জন্য লাতিন আমেরিকার কয়েকটি দেশ সফর করেন তিনি।

মাইকুয়েটিকা বিমানবন্দরে স্ত্রী ও সমর্থকেরা গুয়াইদোকে অভ্যর্থনা জানায় সোমবার। তাকে স্বাগত জানাতে পূর্ব কারাকাসে হাজারো সমর্থক মিছিল নিয়ে জড়ো হয়।

‘যে আশার সঞ্চার হয়েছে তা শেষ হবে না- সবকিছু ঠিক চলছে’- অনুসারীদের উদ্দেশে এ কথা বলেন বেশ কিছু পশ্চিমা দেশের সমর্থন পাওয়া ওয়াইদো।

এক টুইট বার্তায় শনিবার সমর্থকদের সড়কে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে মানবিক সাহায্য সমন্বয় করতে গত মাসে গোপনে ভেনেজুয়েলা ত্যাগ করে কলম্বিয়া যান গুয়াইদো। কিন্তু ভেনেজুয়েলা কর্তৃপক্ষ কলম্বিয়া ও ব্রাজিল হয়ে আসা ত্রাণের ট্রাক আটকে দেয়। মানবাধিকার গ্রুপগুলো জানায়, এ সময় সংঘর্ষে কমপক্ষে ৬ জন মারা যায়।

স্বাধীন নির্বাচনের সমর্থন আদায়ের জন্য আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও প্যারাগুয়ে ভ্রমণ করেন গুয়াইদো।

রোববার তিনি উড়োজাহাজে করে ইকুয়েডরের উপকূলীয় শহর সালিনাস ত্যাগ করেন। এর পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। ওই সময় ভেনেজুয়েলার গণমাধ্যম জানায়, গুয়াইদো পানামা সিটি থেকে কারাকাস আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত