বিএনপি আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: ফখরুল

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০২:৪৯ পিএম

বিএনপি আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।

মির্জা ফখরুল বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাজার হাজার নেতা বিদেশে। আমাদের বন্ধুরা সব কারাগারে। তাই আজকে শুধু দলের প্রয়োজনে নয় জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে হবে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, একদলীয় শাসন ব্যবস্থার চক্রান্ত ধ্বংস করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে‌।”

বিএনপির মহাসচিব বলেন, “দেশে এখন যে সংকট তা শুধু বিএনপির নয় পুরো জাতির। আমরা গভীরভাবে উপলব্ধি করছি একটি আদর্শকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।”

জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, “লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে। বিএনপি আবার জেগে উঠবে! ইনশা আল্লাহ, এবারও বিএনপির ফিনিক্স পাখির মত জেগে উঠবে।”

তিনি বলেন, “আমরা তারেক জিয়ার এ দিবসকে কারামুক্তি দিবস বলছি কেন, তারেক জিয়া কি মুক্ত হয়েছে। না তারেক জিয়া মুক্ত হননি। আমরা গভীরভাবে উপলব্ধি করছি একটি আদর্শকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই আলোকে তারেক জিয়াকে নির্বাসিত করা হয়েছে।”

দেশে আবার বাকশাল কায়েমের জন্য দেশের সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে- অভিযোগ করে তিনি বলেন, “ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। সারা দেশে বিএনপির ২৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাড়ি যেতে পারে না।

বিএনপি মহাসচিব বলেন, “বিএনপির শক্তি সাধারণ মানুষ। বিএনপি এগিয়ে যাবে। কয়েক দিন আগে আমার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দেখা হয়েছে। আমি সেই দৃশ্য আপনাদের বলতে পারবো না। সুস্থ খালেদা জিয়া এখন হুইলচেয়ারে। অত্যন্ত কষ্ট করছে।”

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত