ফরিদপুর কারাগার থেকে মুক্তি পেলেন কামাল ইউসুফের মেয়ে

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১১:৩৪ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ মুক্তি পেয়েছেন। তিন দিন কারাগারে আটক থাকার পর বুধবার বিকেলে ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

এ সময় চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার স্ত্রী মিসেস শায়লা ইউসুফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন গোলডাঙ্গির ইউসুফ হত্যা মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় চৌধুরী নায়াব ইউসুফের জামিন মঞ্জুর করেন।

আদালতে চৌধুরী নায়াব ইউসুফের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল্লাহ জাহাঙ্গির জামিন প্রার্থনা করে বলেন, মামলার এজাহারের বর্ণনায় আসামি নায়াব ইউসুফ ঘটনাস্থলে ছিলেন না। তিনি একজন নারী এবং ফরিদপুরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

এ সময় বাদী পক্ষে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লক্ষণ সাহা জানান যে, মামলার বাদী এই আসামির জামিনে তার আপত্তি নেই বলে জানিয়েছেন।

এ সময় আদালত মামলার বাদী সোহরাব বেপারীকে তলব করলে সোহরাব বেপারী আদালতে উপস্থিত হয়ে জানান যে, এই মামলার আসামি চৌধুরী নায়াব ইউসুফকে জামিন দিলে তার কোনো আপত্তি নেই।

এরপর আদালত বাদীর অনাপত্তির বিষয়টি উল্লেখ করে তাকে ১০ হাজার টাকা মুচলেকায় স্থায়ী জামিন মঞ্জুর করেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ১১ ডিসেম্বর সন্ধ্যা সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিতে একটি চায়ের দোকানে বচসার জের ধরে হাতাহাতিতে আহত হন ইউসুফ বেপারী নামের আওয়ামী লীগের এক নেতা। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই সোহরাব বেপারী বাদি হয়ে ৩৮ জনকে আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত