বহিষ্কারের চিঠিতে সুলতান মনসুরকে যা লিখেছে গণফোরাম

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৬:৪৬ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়া সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে বহিষ্কার করেছে গণফোরাম। বৃহস্পতিবার বিকালে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গণফোরাম জানায়, বহিষ্কারের চিঠি শিগগিরই স্পিকার শিরিন শারমীন বরাবর পাঠানো হবে। সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বৈঠক শেষে মতিঝিলের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

সুলতান মনসুরকে দেওয়া বহিষ্কারাদেশ চিঠিতে বলা হয়েছে, '৩০ ডিসেম্বর ২০১৮ নির্ধারিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে দেশব্যাপী প্রশাসনের সিলমারা ভোটে যে তামাশার জাতীয় সংসদ নির্বাচন নামীয় জাতীয় কলংক অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যেও আপনি বিজয়ী হওয়ায় দল এবং ঐক্যফ্রন্ট আপনাকে আগেই অভিনন্দন জানিয়েছে'।

‘প্রহসন নির্বাচনী তামাশা এবং প্রতারণার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই নির্বাচনী প্রক্রিয়া এবং ফলাফল প্রত্যাখ্যান করেছে, যা আপনি অবহিত। প্রহসন ও ভোট ডাকাতির এই নির্বাচনে সৌভাগ্যবান বিজয়ী ঐক্যফ্রন্টের আট নির্বাচিত সংসদ সদস্যের অধিকাংশের মতামতের ভিত্তিতে ঐক্যফ্রন্টভুক্ত সব দল আলাদাভাবে এবং ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি সর্বসম্মতভাবে পরবর্তি সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত নির্বাচিত আট সংসদ সদস্য শপথ না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, যা আপনি অবহিত রয়েছেন’।

চিঠিতে আরও বলা হয়, ‘ফ্রন্টের নেতাকর্মীদের নামে অসংখ্য গায়েবী মামলা, গ্রেপ্তার, কারাবরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, আহত-নিহত, নেতাকর্মীদের মুক্তি বা মামলার ফয়সালা হয়নি এবং ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচন- ইত্যাদি জাতীয় সংকট প্রসঙ্গে ক্ষমতাসীনদের কোনো উদ্যোগ না থাকা সত্ত্বে আপনি শপথগ্রহণ করেছেন যাতে দেশের মানুষ চরম হতাশ এবং বিক্ষুদ্ধ’।

চিঠিতে বলা হয়, ‘আমাদের দল গণফোরাম এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনে করে গণতন্ত্র পুনরুউদ্ধার ও ভোটের অধিকার আদায়ের সংগ্রামকে পদদলিত করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে আপনি নৈতিকতাবিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন’।

image

চিঠিতে আরও বলা হয়, ‘অতএব আপনার বিরুদ্ধে দলের নীতিবিরোধী, আদর্শবিরোধী, জনবিরোধী কার্যকলাপের অভিযোগে আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো এবং গণফোরাম থেকে বহিস্কার করা হলো। একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকে অব্যহতি দেওয়া হলো’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত