কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাদের দুই হাতের ছাপ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার নয়টি উপজেলাতেই সব জীবিত মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সদর উপজেলায় ৬১৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত ৩৬৮ মুক্তিযোদ্ধার দুই হাতের ছাপ নেওয়া হচ্ছে। এসব মুক্তিযোদ্ধার তথ্য ও ছবি সংবলিত ‘বীরগাথা ডকুমেন্টারি’র মাধ্যমে হাতের এই ছাপ সংরক্ষণ করা হবে।
জানতে চাইলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু দেশ রূপান্তরকে বলেন, ‘নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের জন্য এটি সম্মানের বিষয়। আগামী প্রজন্ম এর মাধ্যমে আমাদের স্মৃতিচারণ করতে পারবে।’ জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, ‘দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে আগামী ২৬ মার্চের আগেই এই কর্মসূচি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার জীবিত ২ হাজার ৭৩০ মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে এই কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। যা ছয়টি ভলিউমের মাধ্যমে সংরক্ষণ করা হবে।’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার ইউএনও আমিন আল পারভেজ। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু ম-ল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু ও অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
