আকুলা শ্রেণির পারমাণবিক সাবমেরিন লিজ নিতে রাশিয়ার সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি সই করেছে ভারত।
বৃহস্পতিবার এ চুক্তির মাধ্যমে আগামী ১০ বছরের জন্য ভারতীয় নৌবাহিনীর জন্য এ সাবমেরিনটি লিজ নিল নয়াদিল্লি।
এনডিটিভি জানায়, চক্র-৩ নামে পরিচিত এ সাবমেরিনকে ‘মাদার অব অল সাবমেরিন’ বলা হয়ে থাকে। চুক্তি অনুসারে ২০২৫ সালের মধ্যে রাশিয়া এটি ভারতকে সরবরাহ করবে।
এর আগে কয়েকমাস ধরে এটিসহ আরও বেশ কিছু চুক্তি নিয়ে আলোচনা চলে দুই সরকারের মধ্যে।
এর আগে ভারত দুটি আকুলা শ্রেণির সাবমেরিন নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে।
রাশিয়া থেকে লিজ নেওয়া প্রথম পারমাণবিক সাবমেরিনটি ছিল আইএনএস চক্র। ১৯৮৮ সালে মাত্র তিন বছরের জন্য এটি লিজ নেওয়া হয়। এরপর ২০১২ সালে আরও আইএনএস চক্র সাবমেরিন লিজ নেওয়া হয়েছিল ১০ বছরের জন্য। এখন এটির চুক্তি বাড়িয়ে ২০২২ সাল পর্যন্ত করতে পারে।
ভারত মহাসাগরে চীনের সামরিক শক্তি বৃদ্ধির পদক্ষেপে নিজেদের নৌবহরে এ পারমাণবিক সাবমেরিন যুক্ত করতে যাচ্ছে নয়াদিল্লি।
তবে চুক্তি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিছু বলতে রাজি হননি।
এ সপ্তাহের শুরুতে উত্তর প্রদেশের আমেথিতে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল তৈরির ইন্দো-রাশিয়ার যৌথ উদ্যোগের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি বছর এখান থেকে সাত লাখ ৫০ হাজার অত্যাধুনিক মারণাস্ত্র একে-২০৩ রাইফেল প্রস্তুত করা হবে।
গত বছরের অক্টোবরে রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষার মিসাইল সিস্টেম এস-৪০০ পেতে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিও সম্পন্ন করে মোদি সরকার।
