তেল, গ্যাস ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্ট এপ্রিলে জেলা ও বিভাগীয় শহরে জনসংযোগ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
সোমবার মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের আইনি চেম্বারে অনুষ্ঠিত ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে প্রমাণ হয়েছে যে গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় সবার আগ্রহ ছিল। কিন্তু যে নির্বাচন হয়েছে তাতে সবাই হতাশ।
সাধারণ ছাত্রছাত্রীরা নতুন করে ডাকসু নির্বাচনের যে দাবি জানিয়েছে তাতে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থন দিয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদ ও সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র অনুপস্থিত। ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির নির্বাচনের প্রতি ঘৃণা জানিয়ে জনগণ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে যায়নি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার জামিন দাবি করেন।
মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মাদ মনসুরের শপথ গ্রহণের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সুলতান মনসুর জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। ইতিমধ্যে গণফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, দেশের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসনকে রক্ষায় আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে। আমরা আশা করতে পারি যে, ঐক্যের পক্ষে সবাই থাকবেন। এখানে বিভিন্ন দল আছেন। তারাও বলেছেন, ঐক্যকে সুসংহত করার কোনো বিকল্প নাই। কেন না দেশের ১৬ কোটি মানুষের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে এই ঐক্যের শক্তির মধ্য দিয়ে সম্ভব হবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
