প্রথমার্ধের প্রায় পুরোটা সময় প্রতিপক্ষের অর্ধে খেলল বাংলাদেশ। কিন্তু পাওয়া হলো না কাঙ্ক্ষিত গোলের দেখা।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে এখন ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালায় বৃহস্পতিবার ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে। খেলার প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে।
একতরফা প্রাধান্য বিস্তার করে খেলা বাংলাদেশ একাধিক সুযোগ হাতছাড়া করেছে। ২৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাপে লাগাতে পারেননি স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না।
৩৬ মিনিটে শামসুন্নাহারের পাস থেকে অধিনায়ক সাবিনা খাতুনের দূরপাল্লার শট রুতে দেন ভুটান গোলরক্ষক। এ ছাড়া অফসাইডের ফাঁদে জড়িয়েও সুযোগ নষ্ট করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ভুটান অবশ্য যেভাবেই হোক ম্যাচটা ড্র করার লক্ষ্যেই খেলে যাচ্ছে। নেপালের বিপক্ষে ৩-০ গোলে হারা দলটি এ ম্যাচে হারলেই বিদায় নেমে। বাংলাদেশ যে কোনো ব্যবধানে জিততেই নেপালকে সঙ্গে নিয়ে পৌঁছে যাবে সেমি-ফাইনালে।
আর ম্যাচ ড্র হলে বাংলাদেশের জন্য সমীকরণ হয়ে যাবে কঠিন। তখন নেপালের বিপক্ষে হারলে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টাও বেজে যেতে পারে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ বাংলাদেশের।
