পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন খোদ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের সভানেত্রী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের শক্তিশালী প্রতিপক্ষ হয়ে নির্বাচনী মাঠে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু।
আগামী ১৮ মার্চ ভোটের নির্বাচনী মাঠে দুই পক্ষই তাদের শক্তির জানান দিচ্ছে বেশ শক্তভাবেই। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নির্বাচনী সভায় একে অপরকে ঘায়েল করে বক্তব্যও দিচ্ছেন উত্তপ্তভাবে। রাজনৈতিক দৃশ্যপটে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। গত শনিবার রাতে শহরের মালিথা মোড়ে নৌকার পক্ষে এক সভায় যোগ দেন পাবনা জেলা আওয়ামী লীগের নেতারা। তারা ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে পথসভা করে বক্তব্য দেন।
অপরদিকে, ঈশ্বরদী আওয়ামী লীগের প্রভাবশালী একটি পক্ষের মদদে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু। তার সঙ্গে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের বেশির ভাগ সভাপতি-সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানসহ যুবলীগ-ছাত্রলীগের নেতারা। তারা প্রকাশ্যেই আনারস প্রতীকের পক্ষে ভোট চাইছেন।
গত বুধবার দাশুড়িয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার ও মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর নেতৃত্বে নৌকার বিপক্ষে এবং আনারসের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এবং উপজেলা ও পৌর যুবলীগ দলীয় অফিসে বর্ধিত সভা করে আনারসের পক্ষে অবস্থান নিয়েছে।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা দেশ রূপান্তরকে জানান, যারা নৌকার সঙ্গে বেইমানি করছে তারা বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানী করছে। দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, মকলেছুর রহমান মিন্টু দলের জন্য নিবেদিত প্রাণ। ঈশ্বরদী আওয়ামী লীগে তার ব্যাপক অবদান রয়েছে। তাই তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী দেওয়ায় তারা আনারস প্রতীকের পক্ষ নিয়ে মাঠে কাজ করছেন।
