মসজিদে হামলাকারীর ৫টি অস্ত্রই ছিল লাইসেন্সকৃত

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১০:১৩ এএম

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ঘাতক ব্রেনটন ট্যারেন্টের পাঁচটি অস্ত্রই ছিল লাইসেন্সকৃত তথা বৈধ।

পুলিশ জানিয়েছে, তার কাছে দুটি সেমি-অটোমিক মেশিনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল। তার গাড়িতে বিস্ফোরকও পাওয়া গেছে।

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানান, হামলাকারী বৈধ অস্ত্র বহন করছিলেন। এতে হামলায় ব্যবহৃত গুলি কিনতে তার সমস্যায় পড়তে হয়নি।

এ ঘটনার পর নিউজিল্যান্ডের অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যাপক পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন তিনি। সেমি-অটোমিক মেশিনগান নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

এদিকে ঘাতক ব্রেনটন ট্যারেন্টকে শনিবার আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড দিয়েছে।

আলজাজিরা জানায়, শনিবার ট্যারেন্টকে ক্রাইস্টচার্চের ডিস্ট্রিক্ট আদালতে হাজির করা হয়। এসময় তার মাঝে কোনো অনুশোচনা দেখা যায়নি। সংবাদমাধ্যমকে দেখে বিদ্রূপাত্মক হাসি দেয় সে।

শুক্রবার জুমার নামাজে দুটি মসজিদে এই শ্বেতাঙ্গ খ্রিস্টানের নির্বিচার গুলিতে তিন বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।

হামলার ঘটনায় পুলিশ এক নারীসহ চারজনকে আটক করে। তবে তাদের মধ্যে কেবল ট্যারেন্টকে আদালতে তোলা হয়।

পুলিশ এখন বলছে, দুটি মসজিদে ট্যারেন্ট একাই হামলা চালিয়েছে। প্রায় ৩৬ মিনিট সে এই হত্যাযজ্ঞ চালিয়েছে।

জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায় ট্যারেন্ট। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার চেষ্টার ঘটনাও ঘটেছে।

ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছের আল নুর মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত