শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদ মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আহ্বান জানান।
এ সময় দীপু মনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে শিক্ষার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। শিক্ষার মানোন্নয়নের মধ্যদিয়ে আমাদের শিক্ষার্থীরা যেন জ্ঞানার্জনের পাশাপাশি মানবিকতা, নৈতিক গুণাবলী সম্পন্ন হয়ে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্যে আমরা চেষ্টা করছি।”
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদসহ যত নেতিবাচক দিক আছে সেগুলো থেকে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের নতুন প্রজন্মকে মুক্ত রাখতে হবে।”
তিনি বলেন, “আশা করি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা সেই মান নিয়ে আসতে পারবো। যার মাধ্যমে আমরা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো এবং আমাদের দেশে এই যে জঙ্গিবাদ, মৌলবাদ এর মধ্য থেকেও শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে মুক্ত থাকতে পারবে।”
নিউজল্যান্ডে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দীপু মনি বলেন, “আল্লাহর কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা আমাদের জাতীয় দল ঘটনাস্থলে থাকলেও সবাই নিরাপদে রয়েছে।”
এই হামলায় বাংলাদেশি নাগরিকদের নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান দিপু মনি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব সাহিদুল কবির, জেলা প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির প্রমুখ।
পরে তিনি চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও পুরান বাজার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
