বলিউডের নবাগত নায়ক-নায়িকা কার্তিক আরিয়ান ও সারা আলি খান। ‘লাভ আজকাল টু' সিনেমায় জুটি বেঁধেছেন এই উঠতি তারকারা। ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। শুটিং শুরুর পরের দিনই একটি চুম্বন দৃশ্যের ভিডিও ভাইরাল হলো ইন্টারনেটে।
বলিউড লাইফের সঙ্গে এ নিয়ে কথা বলতে গিয়ে কার্তিক বলেন, “আমি ইমতিয়াজ স্যারের পরের প্রজেক্টে কাজ করছি। আর এই নিয়ে যদি কোনো কথা বলার থাকে তাহলে প্রযোজনা সংস্থা উইন্ডো সিট্ বিষয়টা বিশদ ব্যাখ্যা করে বলতে পারবে। আর সত্যি কথা বলতে ভিডিও নিয়ে এটাই বলতে পারি, সত্যিই কি ওই ভিডিওতে আমি আর সারা ছিলাম?” ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ আজকাল'।
ইমতিয়াজ আলীর সেই সিনেমার সিকুয়েলে কার্তিক এবং সারাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। আর সেই খবর নিশ্চিত হওয়ার পরে বেশ কিছুদিন তারা দু'জনে ট্রেন্ডিং তালিকাতেও পাকা জায়গা করে নিয়েছিলেন।
আগেই ‘কফি উইথ করণ সিক্স'-এর একটি এপিসোডে এসে সারা জানিয়েছিলেন, তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটে যেতে চান। এই ভিডিওটি মাঝেমধ্যেই ট্রেন্ডিং তালিকায় চলে আসে।
গত সপ্তাহে ‘লাভ আজ কাল টু' এর সেট থেকে কার্তিক এবং সারার একটি ছবি বাইরে ছড়িয়ে পড়ে। তারপরেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে সারা বলিউডে পা রাখেন অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ' সিনেমার মাধ্যমে।
‘পেয়ার কা পঞ্চনামা' সিরিজ খ্যাত কার্তিক আরিয়ানকে ‘সোনু কে টিট্টু কি সুইটি' সিনেমাতেও দেখা গিয়েছিল। তাকে শেষ ‘লুকাছুপি' সিনেমাতে দেখা গিয়েছে।
