বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি এটা নিয়ে সন্দেহ নেই: ফখরুল

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৬:০৬ পিএম

সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্র সরকারের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন নিয়ে সমালোচনার প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু মার্কিন রিপোর্ট নয়। বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমসসহ বিশ্বের বড় বড় পত্রিকাগুলো বলেছে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি লেখা হয়েছে। সুতরাং বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মিডিয়াগুলোকে সরকার চরমভাবে নিয়ন্ত্রণ করছে বলে তারা অনেক কিছু প্রকাশ করতে পারছে না। এত প্রতিকূলতার পরও তারা অনেকেই অনেক কিছু প্রকাশ করছে। এ জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। সুতরাং মার্কিন মানবাধিকার ডিপার্টমেন্ট যে রিপোর্ট প্রকাশ করেছে এতে কোনো সন্দেহ নেই'।

মির্জা ফখরুল বলেন, আমরা যখন স্বাধীনতা দিবস পালন করতে যাব তখন হাজার হাজার নিরপরাধ মানুষকে বন্দী করে রাখা হয়েছে। লক্ষাধিক গায়েবি মামলায় ২৬ লাখ মানুষকে আসামি করা হয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা দিবসটি পালন করছি।

সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের এ মুখপাত্র বলেন, ‘দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। গত ১০/১২ বছর ধরে আমরা দেখছি যারা সরকারের অপছন্দের মানুষ তাদের গ্রেপ্তার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। প্রয়োজনে তাদের গুম করে ফেলা হচ্ছে। হাজার হাজার নিরপরাধ মানুষকে মুক্ত করা ও মামলা প্রত্যাহার করার সংগ্রাম চালিয়ে যাব'।

'আমরা স্মরণ করিয়ে দিতে চাই হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা এই দিনটি পালন করতে চাই। আমরা আশা করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এই সংগ্রামে বিজয়ী হবে।’

গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ইতিমধ্যে বলেছি এই গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কষ্ট হবে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। আবারও বলছি এসব কিছু উপেক্ষা করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে বিএনপি সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, অভিনেতা হেলাল খান, মোরতাজুল করিম বাদরু, সাইফুল ইসলাম ফিরোজ, মুনির হোসেন, রোকেয়া চৌধুরী বেবী, আকরামুল হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত