রংপুর জেলার আটটি উপজেলার মধ্যে ছয়টিতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী একটিতে লাঙ্গল বাকিগুলোতে নৌকা জিতেছে। জেলার বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফল অনুযায়ী- চেয়ারম্যান পদে পীরগঞ্জ উপজেলাতে নুর মোহাম্মদ মণ্ডল (নৌকা), বদরগঞ্জে ফজলে রাব্বী সুইট (নৌকা), তারাগঞ্জে আনিছুর রহমান লিটন (নৌকা), পীরগাছায় আবু নাসের মো. মাহবুবার রহমান (লাঙ্গল) জয়ী হয়েছেন। এছাড়া বাকি দুই উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের রুহুল আমিন (গঙ্গাচড়া) ও আনোয়ারুল ইসলাম মায়া (কাউনিয়া)।
সোমবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। রাতে ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবীর এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বদরগঞ্জে প্রায় ৫১ হাজার ১২০ ভোটের বিশাল ব্যবধানে আওয়ামী লীগের ফজলে রাব্বী সুইট নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৮০০ ভোট।
তারাগঞ্জে নৌকার প্রার্থী আনিছুর রহমান লিটন পেয়েছেন ৪২ হাজার ৩৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী শাহিনুর ইসলাম মার্শাল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯২২ ভোট।
পীরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুর মোহাম্মদ মণ্ডল ৭১ হাজার ৯৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬৯ ভোট।
পীরগাছায় নৌকার প্রার্থী আবদুল্লাহ আল মাহমুদ মিলন প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থীর কাছে। লাঙ্গল প্রতীকে আবু নাসের মো. মাহবুবার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের আবদুল্লাহ আল মাহমুদ মিলন পেয়েছেন ৪০ হাজার ৯৫৭ ভোট।
এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বদরগঞ্জ উপজেলাতে তাজুল ইসলাম, তারাগঞ্জে গোলাম ছাইদেল কাওনাইন, পীরগঞ্জে শফিউর রহমান মণ্ডল, পীরগাছায় আরিফুল হক লিটন, কাউনিয়ায় আব্দুর রাজ্জাক এবং গঙ্গাচড়াতে সাংবাদিক সাজু মিয়া লাল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বদরগঞ্জে নাজমা জাহানুর, তারাগঞ্জে সাবিনা ইয়াসমিন, পীরগঞ্জে শিরিনা খাতুন, পীরগাছায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তানজিনা আফরোজ, কাউনিয়াতে আঙ্গুরা বেগম এবং গঙ্গাচড়া উপজেলায় রাবিয়া বেগম।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। রংপুর জেলার আটটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
এদিকে জেলার কোথাও তেমন বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন পরিচালনা কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
