মুক্তিপণ না পেয়ে জেলের সারা শরীরে কুপিয়েছে দস্যুরা

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৯:৪২ পিএম

মুক্তিপণ দিতে না পারায় সুন্দরবনে এক জেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে বনদস্যুরা। মঙ্গলবার দুপুরে বনের পদ্মাবতী খাল এলাকা থেকে আহত জেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারাত্মকভাবে জখম ওই জেলের নাম মো. সেলিম কাশেম (৪৮)। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী গ্রামের খোকন খানের ছেলে। তবে তিনি মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

পুলিশ ও স্থানীয় জেলেরা জানায়, দীর্ঘদিন ধরে সেলিম সুন্দরবনে মাছ ধরে আসছিলেন। এবার বনে যাওয়ার পর মুক্তিপণের দাবিতে একদল বনদস্যু তাকে আটক রেখে নির্যাতন করতে থাকে। কিন্তু ওই জেলে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ না দেওয়ায় দস্যুরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার তার সারা শরীরে কুপিয়ে বনের পদ্মাবতী খাল পাড়ে ফেলে রেখে যায়।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত ওই জেলেকে উদ্ধার করে মোংলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল গ্রামের জেলেদের কাছে তুলে দেয়। এ সময় স্থানীয় জেলেরা আহত ওই জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে মোংলা থানার এএসআই বিশ্বজিৎ কুমার বলেন, হাসপাতালে ভর্তি সেলিমের শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম হাতের কবজি পড়ে গেছে, অপর হাতসহ ঘাড়, চোয়ালে, গলা ও পিঠে মারাত্মক জখম চিহ্ন রয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে খবর নিয়ে প্রকৃত ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত