হামলার এক সপ্তাহ পর খুলে দেওয়া হচ্ছে ক্রাইস্টচার্চের মসজিদ। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে আবার নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
এদিন দুইটি টিভি চ্যানেলে জুমার নামাজ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।
গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক শ্বেতাঙ্গ খ্রিস্টানের গুলিতে কয়েকজন বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৪৬ জন যাদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ জানায়, মঙ্গলবার রাতে মসজিদের ভেতরে তদন্ত কাজ শেষ করেছে পুলিশ।
এরপরই মসজিদে ধোয়ামোছাসহ কার্পেট বসানো, দরজা-জানালা ও পানির কল মেরামত, রং লাগানো, বাগান সজ্জার কাজ শুরু হয়ে যায়। নির্মাণ সহকারীদের ব্যস্ততা দেখা যায়। তবে তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
বাগান সজ্জার একটি প্রতিষ্ঠানের কর্মীরা মসজিদের সামনে কাজ করছিলেন। পারিশ্রমিক ছাড়াই তারা এ কাজ করে দিচ্ছেন বলে প্রতিষ্ঠানটি জানায়।
পুলিশের এক মুখপাত্র জানান, শুক্রবার আল নুর মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিদের ফিরিয়ে আনতে জোরেশোরে কাজ চলছে। লিনউড মসজিদও খুলে দেওয়া হবে এ সপ্তাহে। জনসাধারণের আস্থা ও নিরাপত্তার জন্য দুই মসজিদেই নিরাপত্তা জোরদার করা হবে।
ক্যান্টারনবারি মুসলিম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাগাফ খান জানান, তিনি আবার মসজিদে ফিরে আসতে চান। স্থানীয় অন্যান্য মুসলিমরাও একই কথা ভাবছেন।
তিনি বলেন, “যা ঘটার ঘটে গেছে, এরকম যাতে আর না ঘটে। মুসলিমরা অপেক্ষায় আছে কখন তারা মসজিদে নামাজ পড়তে যাবে।”
এদিকে কিউই প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন ঘোষণা দিয়েছেন, টিভি এনজেড এবং আর এনজেড চ্যানেলে শুক্রবারের জুমার নামাজ সরাসরি সম্প্রচার করবে। এ ব্যাপারে জাতীয়ভাবে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
