করণ জোহরের ব্যক্তি জীবন সম্পর্কে প্রশ্নের শেষ নেই। বিশেষ করে তার যৌন রুচি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় এ প্রযোজক-পরিচালক সম্পর্কে অনেক বাজে মন্তব্য দেখা যায়।
এই সব নিয়ে আগে মুখ না খুললেও সম্প্রতি আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এ ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন।
সেখানে কিছু প্রশ্ন করণের সামনে মেলে ধরেন আরবাজ। বলেন, “সবার একটাই প্রশ্ন? আপনার সেক্সটা কী? আপনি ছেলে না মেয়ে?”
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আসা কিছু প্রশ্ন তোলেন অভিনেতা। তবে একটুও বিচলিত হননি করণ। বললেন, “দেখ আমি সারা জীবন এই ধরনের মন্তব্য শুনে শুনে ক্লান্ত। তবে আজকাল আর কিছু মনে হয় না। প্রথমে পড়ি তারপর হাসি। কী করব! মানুষ বোঝে না, আমরাও তাদের মতোই। আমাদেরও জীবন আছে। আমরাও কষ্ট পাই, একা হয়ে যাই মনে মনে। আমার সেক্স যাই হোক না কেন! সেটাতে তো আমি খুশি। কিন্তু সবার এতেই আগ্রহ।”
করণ আরও বলেন, “তবে আমার এসব কিছুতে খারাপ লাগে না। খারাপ লাগে যখন তারা আমার ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে খারাপ কথা বলে।”
করণ জোহর সিঙ্গল ফাদার। গর্ভ ভাড়া করে বছর দুয়েক আগে এক ছেলে ও মেয়ের বাবা হয়েছেন তিনি। নাম রেখেছেন যশ ও রুহি।
