অনিয়মের অভিযোগ

চলাচলে উন্মুক্ত করার দিনেই ইউ ড্রেন গেল ভেঙে

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:৫৮ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্মাণের পর তা ব্যবহারের জন্য খুলে দেওয়ার দিনই ভেঙে গেছে একটি ইউ ড্রেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। উপজেলার সাউদপাড়া সড়কে রমজান মিয়ার বাড়ির পাশে এ ইউ ড্রেনটি নির্মাণ করা হয় সম্প্রতি। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের কাজ হওয়ায় ভেঙে যায় ওই ইউ ড্রেনটি। এটি পুনরায় নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত সোমবার এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগও দায়ের করেছেন।

স্থানীয় সরকারের সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় ২০১৭-১৮ অর্থবছরে কলমাকান্দা থেকে সাউদপাড়া সড়কে ৭৫ হাজার টাকা ব্যয়ে ১৬ ফুট দীর্ঘ ও ৩.৫ ফুট চওড়া এই ইউ ড্রেনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কাজ শুরু হয়, চলতি বছরের ৩০ জুন ছিল কাজ শেষ করার তারিখ। মেয়াদের বেশ আগেই তড়িঘড়ি করে নির্মাণকাজ শেষ হয় বলে অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হয় ১৭ মার্চ। গত সোমবার চলাচলের জন্য উন্মুক্ত করার দিনই একটি লরি যাওয়ার সময়  ইউ ড্রেনের ওপরের বেশিরভাগ অংশ ভেঙে যায়।

ওই প্রকল্প কমিটির সভাপতি ও কলমাকান্দা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মার্জিয়া আক্তার জানান, নকশার বাইরে কোনো কাজ হয়নি। ইউ ড্রেনটি নির্মাণের পর ১টি আলুভর্তি লরি যাওয়ার কারণে ভেঙে যায়। তবে দ্রুত এটি মেরামত করে দেওয়া হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন জানান, ইউ ড্রেনটির নির্মাণকাজ আমাদের তদারকি করার কথা ছিল। কিন্তু এর নির্মাণকাজ শুরু ও শেষ হওয়ার বিষয়ে ইউপি সদস্য আমাদের অবগত করেননি। আমরা সরেজমিনে দেখে কাজে ত্রুটি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে কলমাকান্দা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মৌলা জানান, আমাদের সঙ্গে যোগাযোগ না করে ওই ইউপি সদস্য মনগড়া কাজ করিয়েছেন। এখন ড্রেনটি শিডিউল মোতাবেক আবার নির্মাণ করতে হবে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, ইউ ড্রেন নির্মাণে অনিয়মসংক্রান্ত একটি অভিযোগ তিনি পেয়েছেন। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত