স্বাধীনতা দিবস থেকে আজিমপুর ধানমন্ডিতে যেভাবে চলবে চক্রাকার বাস

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৩:০১ পিএম

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরে সার্কুলার বাস-সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। 

বুধবার বিকেলে ডিএসসিসির নগর ভবনে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো সংক্রান্ত কমিটির চতুর্থ সভা শেষে মেয়র এই ঘোষণা দেন।

মেয়র খোকন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মেয়র আনিসুল হকের গৃহিত উদ্যোগ রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ২৬ মার্চ ধানমন্ডি-নিউমার্কেট ও আজিমপুরে চক্রকার বাস সার্ভিস চালু করা হচ্ছে। এরপরে মতিঝিল এবং উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।

এক প্রশ্নের জবাবে বলেন, ধানমন্ডি চক্রাকার বাস সার্ভিস রুটে প্রথমে বিআরটিসির ২০-২৫টি বাস চালু করা হবে। আর ধাপে ধাপে ওই এলাকার রিকশা তুলে দেয়া হবে। গুলশান-বনানী-বারিধারার মতো ওই চক্রাকার বাস সার্ভিস রুটে অন্য বাস চলতে পারবে না। শুরুতে এই নিয়ম পুরোপুরি কার্যকর না হলে খুবই অল্পসময়ের ব্যবধানে সব নিয়ম বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো সংক্রান্ত কমিটির সভায় পরিবহন চালকদের প্রশিক্ষণের জন্য রাজউককে একটি জায়গা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেসব জায়গায় ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মাধ্যমে পরিবহন মালিক সমিতি চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর বাস সার্ভিসের রুট

১. আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমনন্ডি ২ নম্বর রোড, সাত মসজিদ রোড (ঝিগাতলা, সংকর), ধানমন্ডি ২৭, সোবহানবাগ, রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর যাবে বাসটি।

২. সোবহানবাগ-রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব-বাটা ক্রসিং, কাটাবন-নীলক্ষেত, পলাশী, আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব, কলাবাগান, সোবহানবাগ, ২৭ নম্বর রোড পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা, সাত মসজিদ রোড, বিজিবি ২ নম্বর গেইট, ৩ নম্বর রোড ইউটার্ন-সাইন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন, নীলক্ষেত, পলাশী, আজিমপুর হয়ে আবারও নিউমার্কেট যাবে।

চক্রকার এ বাস সার্ভিসের সুবিধা নিয়ে সংশ্লিষ্টরা জানান, ঘন ঘন বাস স্টপেজ দেয়ায় মানুষ অল্প দূরত্বে বাসে যাতায়াত করতে পারবেন। এসি বাস হওয়ায় ধুলাবালি মুক্ত যাতায়াত করা যাবে। রিকশার তুলনায় বাস ভাড়া অনেক কম হবে, যানজটও কমবে। টিকিট ও কাউন্টার সিস্টেম করায় যাত্রী ও পথচারীরাও সুবিধা পাবেন। এর ফলে ধানমন্ডি এলাকায় স্কুল শিক্ষার্থীরাও গাড়ি ব্যবহার না করে কম ভাড়ায় বাসে যেতে পারবে।

বর্তমানে ওই সড়কগুলোতে অনেক সমস্যা রয়েছে উল্লেখ করে তারা বলেন, সড়কে প্রচুর রিকশার কারণে অনেক যানজট থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল ও হাসাপাতাল এলাকায় প্রচুর প্রাইভেটকার এসে যানজট সৃষ্টি করে।

চক্রাকার বাস যেভাবে চলবে

ধানমন্ডি-নিউমার্কেট এলাকায় চক্রকারভাবে চলাচল করা বাসগুলো হবে দুই দরজা বিশিষ্ট। একই সময় সামনে দিয়ে যাত্রীরা উঠবেন এবং পিছন দিয়ে নামবেন। নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটি সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে বাসে উঠবেন যাত্রী। ৫/১০ মিনিট পর পর বাস আসবে। চক্রকার বাস চলাচল করায় একই স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার প্রয়োজন পড়বে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত