শুক্রবার রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে একটি বাস সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মেনন অক্ষত ছিলেন।
কর্তব্যরত পুলিশ জানান, বাসটির কাগজপত্র বা ফিটনেস ছিল না।
ওয়ার্কার্স পার্টি অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় রাশেদ খান মেনন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৭টায় মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা একটি অপেক্ষমান বাস হঠাৎ স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে আঘাত করে।
বনানী থানার কর্তব্যরত সার্জেন্ট আফজাল হোসেন বলেন, বাসটি থামিয়ে চালককে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিলো না, এমনকি গাড়ির ফিটনেসও ছিল না।
বনানী থানার উপ-কমিশনার মুশতাক আহমেদ বলেন, চালক আমান উল্লা ও সহকারী দুলাল মিয়াকে আটক করা হয়ছে। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
