খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১১:১৩ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে ফকিরাপুল-নাইটিঙ্গেল মোড় ঘুরে সেখানে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ‘দেশে নৈরাজ্যজনক পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। স্বৈরশাসনের কশাঘাতে জনগণের মনে বিষাদঘন অবস্থা বিরাজমান। দেশনেত্রী খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে দস্যুবৃত্তির পন্থায়। তাকে চিকিৎসা না দিয়ে অসুস্থতাকে গুরুতর করার যাবতীয় ব্যবস্থা করে যাচ্ছে সরকার।’

গণতন্ত্র যাতে পুনরুজ্জীবিত হতে না পারে সেজন্য এ দেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘দেশের কারাগারগুলো এখন শেখ হাসিনার ব্যক্তিগত কয়েদখানাতে পরিণত হয়েছে, যেখানে তিনি তার খেয়ালখুশিমতো বিরোধী রাজনীতিবিদদের বন্দি রাখতে পারেন। এ নব্য বাকশালের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এজন্যই সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে।’

মিছিলে নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত