সিরাজগঞ্জের সলঙ্গায় থানার চড়িয়া শাওপাড়া গ্রামের জান্নাতি খাতুন (২০) নামের এক গৃহবধূকে পারিবারিক কলহের জের ধরে তার স্বামী আল-আমিন শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ রাত ১১ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতর মৃতদেহ উদ্ধার করে।
শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত জান্নাতি খাতুন কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধামকৈল গ্রামের আসলাম উদ্দিনের মেয়ে।
নিহতর চাচা শাহিন রেজা বলেন, “জান্নাতির স্বামী আল-আমিন আগে এক বিয়ে করেছিল। তার সে পক্ষের দুটি সন্তানও আছে। দুই বছর আগে আল-আমিন প্রথম পক্ষের স্ত্রীকে তালাক দেয়। প্রায় ১০ মাস আগে আল-আমিনের সঙ্গে জান্নাতির বিয়ে হয়। বিয়ের সময় ৭০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় দিনই ঝগড়া লেগেই থাকত।”
“শুক্রবার দুপুরে ঝগড়ার একপর্যায়ে আল-আমিন শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে বিষপানে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে স্বামী ও তার পরিবারের লোকজন প্রচার করে। পরে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে নিহত জান্নাতীর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।”
সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জান্নাতির মৃত্যু হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তার আগে এ সম্পর্কে সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।
