চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে মুখোশ পরিহিত অস্ত্রধারীদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন ১০ জন শিক্ষার্থী। তাদের থেকে ৬ টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ টিচার লাউঞ্জের পাশে পাম বাগানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা সকলেই বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা জানান, আমরা ১০ জন বন্ধু পাম বাগানে এক বন্ধুর জন্মদিন পালন করতে যাই। এ সময় মুখোশ পরিহিত বন্দুক ও রামদাধারী ৪ জনের একটি গ্রুপ আমাদের জিম্মি করে ৬ টি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি আমরা মৌখিকভাবে প্রক্টর অফিসে জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এই শিক্ষার্থীরা যেখানে গিয়েছিল ওই এলাকা শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ। আইন অমান্য করে তারা সেখানে গিয়েছে। তবুও শিক্ষার্থীরা ঘটনাটা জানানোর পর বিষয়টি আমরা পুলিশকে অবহিত করেছি।
এ বিষয়ে চবি ফাড়ি পুলিশের ইনচার্জ আক্তারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোবাইল উদ্ধারও করি। জড়িত কাউকে আটক করা যায়নি। তবে আমরা ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
