তৃষ্ণার্ত হলেই আমরা পানি পান করি আর তারপর তৃষ্ণা নিবারণ হয়ে যায়। কিন্তু পানি পানের কিছুক্ষণ পর যদি আবার পিপাসা লাগে, তবে সেটা হতে পারে কিছু কারণে। সেই কারণগুলো খুঁজে বের করা জরুরি।
লবণ : শরীরের জন্য লবণ খুব দরকারি। কিন্তু তাই বলে অতিরিক্ত লবণ খাওয়া কিন্তু খারাপ। খাদ্যতালিকায় যদি লবণজাতীয় খাবার বেশি থাকে, তাহলে আপনার বারবার পিপাসা লাগবে। কারণ লবণ শরীরের কোষের পানি দূর করে দেয়। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন ৫ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়।
সকালে হাঁটা : আপনার যদি সকালে হাঁটার অভ্যাস থাকে, তাহলে সারা দিনে শরীরে বেশি পানির চাহিদা হবে। যখন হাঁটার ফলে ঘাম ঝরবে, তখন বেশি পানির প্রয়োজন হবে। আর যদি পানি পান না করেন, তাহলে আপনি ডিহাইড্রেট হয়ে যাবেন।
রোদে থাকা : বিশেষ করে গরমের দিনে যদি দীর্ঘ সময় রোদে থাকতে হয়, তাহলে বেশি পিপাসা পাবে। যদি আপনি কোনো কাজ নাও করেন রোদে দাঁড়িয়ে, তাও শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। তাই গরমের দিনে বাইরে থাকলে সঙ্গে পানির বোতল রাখা জরুরি।
ডায়াবেটিস : অধিকাংশ রোগীদের ডায়াবেটিসের তিনটি উপসর্গ দেখা দেয় : ১. বেশি তৃষ্ণা, ২. ঘন ঘন মূত্রত্যাগ এবং ৩. ঝাপসা দৃষ্টি। তাই বারবার যদি পিপাসা লাগে তাহলে একবার ডায়াবেটিস চেক করিয়ে নেওয়া জরুরি।
ওষুধ : এমন কিছু ওষুধ রয়েছে, যা মুখ শুষ্ক করে তোলে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় বারবার পিপাসা লাগে। যদি এমন হয় তাহলে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন। এ ছাড়া আরও অনেক কারণে বারবার তৃষ্ণার্ত হতে পারেন, তার মধ্যে অন্যতম হলো, পর্যাপ্ত পানি পান না করা, অ্যানিমিয়া, নিম্ন রক্তচাপ ও পিরিয়ড।
