সিরাজগঞ্জে পুলিশের কাছে থেকে হাতকড়াসহ ফয়সাল হোসেন (২৮) নামে এক ছিনতাইকারী পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন। শহরের এমএ মতিন সড়কের জেলা সড়ক ও জনপথ বিভাগের অফিসের গলিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ফয়সাল সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আবু দাউদ জানান, ফয়সাল ও তার ৪/৫ সঙ্গী দীর্ঘদিন ধরে এমএ মতিন সড়ক ও আদালত চত্বরসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। বুধবার দুপুরে শহরের শহীদ শামছুদ্দিন গেইটের সামনে মোবাইল ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
রাতে তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে সঙ্গে নিয়ে সড়ক ও জনপথ অফিসের ওই গলিতে পুলিশের অভিযান চালানো হয়।
এ সময় অন্ধকারের মধ্যে ফয়সাল হাতকড়া অবস্থায় পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। বাধ্য হয়ে পুলিশ শর্টগানের দুই রাউন্ড গুলি নিক্ষেপ করে। এতে একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি শঙ্কামুক্ত আছে বলে তিনি জানান।
