জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে সাবেক স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি’র ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র সমাজে’র আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলন করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ করে। কমিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের মাসউদী হাসান মামুনকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের ৪২তম ব্যাচের শহীদ হাসান সৈকতকে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মাহমুদুল হাসান মুজাহিদ, শাহাদাত হোসেন শামীম, জুয়েল আহমেদ, আবু হাসান, রোদিয়া হোসেন, নাহিদ আহমেদ সবুজ, ইব্রাহিম খলিল আপন, রায়হান আহমেদ, সবুজ সরকার শুভ, মো. এরশাদুল হক, মো. তানজীব।
এর আগে গত ২৭ মার্চ কমিটির অনুমোদন দেন ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমান ও যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল হক জুয়েল, জিয়াউর রহমান জয়, মো. মোখলেছুর রহমান বস্তু।
মাসউদী হাসান মামুন লিখিত বক্তব্যে বলেন, ‘পল্লিবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কার্যবিধি অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রণীত হয়েছে।’
অন্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সমঝোতা ও সহনশীলতার ভিত্তিতে কাজ করবেন বলে জানান মাসউদী হাসান মামুন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সময় ছাত্র সমাজকে ধাওয়া দেয় বাম সংগঠনগুলো।
এরশাদের শাসনামলে স্বৈরাচারবিরোধী আন্দোলন দমনে ছাত্র সমাজকে ব্যবহারের অভিযোগ রয়েছে। এরপর থেকে তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করতে দেখা যায়নি।
তবে সম্প্রতি তাদের তৎপরতা বেড়েছে।
