চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০১:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের মাসুদপুরের বেলাল আলী কালুর ছেলে মিলন (২১) ও একই ইউনিয়নে তারাপুর ঠুঠাপাড়ার আফসার আলীর ছেলে সেনারুল ইসলাম (২২)। এরমধ্যে মিলন এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে মিলনসহ কয়েকজন বাংলাদেশি যুবক ভারতে গরু আনতে গেলে ভারতের শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।

এতে মিলন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও তিনজন। আহতদের মধ্যে সেনারুলকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, সীমান্তে দু’ জন নিহত হবার ঘটনার পর পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে সেনারুলের লাশ তার বোনের বাড়ি খাসেরহাট থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এর আগে মিলনের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবির ৫৩ ব্যারালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিজিবি সীমান্তে একজনের লাশ পড়ে থাকতে দেখেছে। তবে সে কাদের গুলিতে কীভাবে নিহত হয়েছে তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত