নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মেঘনা নদীর চরধলেশ্বরী বন্দর এলাকায় নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের টিএসআই সেলিম মিয়ার (৬২) লাশ ভেসে উঠে।
এর আগে মঙ্গলবার প্রিসাইডিং অফিসার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মেঘনাঘাট শাখা ব্যবস্থাপক নিখোঁজ বোরহান উদ্দিন (৫৯) ও সোমবার নারী আনসার সদস্য রিতা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
নিহত পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের ইয়ার আলী শেখের ছেলে।
তিনি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চর হোগলা কেন্দ্রে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন এবং নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশে টিএসআই হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, রোববার ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফিরছিলেন। ওই সময়ে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও নারী আনসারসহ ২২ জন যাত্রী ছিলেন। তখন নিখোঁজ ছিলেন তিনজন।
