বর্তমানে দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা বিএনপির নয়, জাতি ও রাষ্ট্রের সংকট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ এর উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র থেকে চিরতরে গণতন্ত্রকে বিসর্জন দেওয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে। একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত চক্রান্ত প্রায় সম্পন্ন করেছেন।
দেশের মানুষ পুরোপুরি একটা আবদ্ধ কারাগারের মধ্যে রয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে নেতা-কর্মীদের একটি পবিত্র দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব হল সরকারের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার। সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে।
দলের চেয়ারপারসনের মুক্তির দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার মুক্তির প্রয়োজনে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। এ সময় খালেদা জিয়া ছাড়াও কারাবন্দী সকল বিএনপি নেতাদের মুক্তির দাবি জানান আমান উল্লাহ আমান।
বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও ছাত্র দলের সহসভাপতি আজমল হোসেন পাইলট প্রমুখ।
