ঠাকুরগাঁও হবিগঞ্জ ও শেরপুরে তিনজনের লাশ উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১১:৫৩ পিএম

শেরপুরের শ্রীবরদী সীমান্তের পাহাড়ি জঙ্গল থেকে অজ্ঞাত তরুণের, ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে শ্রমিকের এবং হবিগঞ্জের নবীগঞ্জে গোয়ালঘর থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

শেরপুরের শ্রীবরদীর সীমান্তের গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত ক্ষতবিক্ষত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরের দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি সদর বিটের সোনাঝুড়ি টিলার জঙ্গল থেকে ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। গত মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন জঙ্গলে অজ্ঞাত ক্ষতবিক্ষত ওই মরদেহ দেখে পুলিশে খবর দেন। শ্রীবরদী থানার এসআই শফিকুল ইসলাম বলেন, বনের পশুরা মরদেহটির মুখ, মাংসসহ এক হাত খেয়ে ফেলেছে। তার পরনে ছিল হাফপ্যান্ট। গায়ে অন্য কোনো কাপড় ছিল না। পাশে একটি লুঙ্গি ছিল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও : সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর শালবাগান এলাকার ভুট্টাক্ষেত থেকে পিটারু চন্দ্র রায় নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি ওই ইউনিয়নের দৌলতপুর মালিপাড়া গ্রামে। পিটারুর স্ত্রী চিলকি রানী জানান, গত মঙ্গলবার রাত ১০টার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল বুধবার সকালে এলাকার এক নারী পিটারুর মরদেহ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি ভুট্টাক্ষেতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পিটারু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঠাকুরগাঁও থানার ওসি আশিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।

হবিগঞ্জ : নবীগঞ্জে আবদুল কাদির (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোসেনপুর গ্রামে তার গোয়ালঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল কাদির উপজেলার দেবপাড়া হোসেনপুর গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গরু চুরির আশঙ্কায় গত মঙ্গলবার রাতে গোয়ালঘরে গিয়ে ঘুমান কাদির। সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত