রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানোর পর মৃত্যুর ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ১০ এপ্রিল দিন ঠিক করেছে হাইকোর্ট। রিটকারী আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে কনুই থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় কলেজছাত্র রাজীবের। পরে ১৬ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৪ এপ্রিল রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।
