নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল ফেরদৌস জয়া নামে এক স্কুলছাত্রী নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবার(২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামগামী তিশা পরিবহনের একটি বাস জয়াকে বহনকারী রিকশাসহ চাপা দিয়ে পালিয়ে যায়। এতে জয়া ও রিকশা চালক গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার চার দিন পর গত শনিবার জয়ার মৃত্যু হয়।
বন্ধের পর আজ স্কুল খোলার পর জয়ার মৃত্যুতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জয়া মোগরাপাড়া সরকারি এইচজিজিএস স্মৃতি বিদ্যাতয়নে নবম শ্রেণিতে পড়ত। সে মোগরাপাড়া ইউনিয়নের রতনদী গ্রামের দুবাই প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে।
দুর্ঘটনায় নিহত জয়ার সহপাঠী লিমা আক্তার জানান, আমরা আমাদের সহপাঠীর মৃত্যুর দৃষ্টান্ত মূলক বিচার দাবি করছি। আজ নিরাপদ সড়কের দাবিতে সবাই আন্দোলনে নেমেছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকার যেন আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করেন।
সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী জয়ার নিহতের প্রতিবাদে ও বিচার দাবিতে তার সহপাঠীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। সাময়িক সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, জয়ার নিহতের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
