সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে আহত বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১১:৩০ পিএম

সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহত ইসমাইল হোসেন (৪০) নামের এক বাংলাদেশি গতকাল মঙ্গলবার মারা গেছেন। ইসমাইল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার উত্তর রায়পুর গ্রামের আমান উল্যাহর  ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে গত ২৮ মার্চ রাতে ইসমাইল রিয়াদে বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান তিনি।

ইসমাইলের মৃত্যুতে তার বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ স্বজনদের মধ্যে এখন শোকের মাতম চলছে। লাশ সৌদি আরবের রিয়াদ হাসপাতালের মর্গে রয়েছে।

গতকাল বিকেলে নিহতের স্ত্রী ফেন্সি বেগম ও মেয়ে তানজিনা জানান, ইসমাইল গত ১০ বছর ধরে রিয়াদে একটি আবাসিক ভবনের তত্ত্বাবধায়কের কাজ করতেন। সকালে ইসমাইলের বন্ধু পার্শ্ববর্তী নোয়াখালী জেলার আলাউদ্দীন নামের এক প্রবাসী ইসমাইলের মৃত্যুর খবর তাদের জানান।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, ‘এ ধরনের সংবাদ আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত