নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মোদির সিনেমা নিষিদ্ধ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৪:৫১ পিএম

ভারতের সাধারণ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ‘পিএম নরেন্দ্র মোদি’ শিরোনামের সিনেমাটি ৫ এপ্রিল মুক্তির কথা থাকলেও আদালতে অভিযোগ ওঠার কারণে পিছিয়ে যায়। এবার আরও পিছিয়ে গেল।

দেশটির সংবাদমাধ্যম জানায়, বিরোধীরা অভিযোগ করেছিলেন সিনেমাটির মাধ্যমে নির্বাচনী প্রচার চালাচ্ছে মোদির দল বিজেপি। যা নির্বাচনী বিধির পরিপন্থী। শুধু এই ছবিটি নয় নমো টিভি নিয়েও আপত্তি রয়েছে বিরোধীদের।

সম্প্রতি ছবিটি মুক্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হন এক কংগ্রেস নেতা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, এটি অদরকারি বিষয়। এর জন্য সময়ের অপচয় করা যায় না।

আদালতের রায়ের পর বৃহস্পতিবার নির্বাচন শুরু দিনই সিনেমাটির মুক্তির তারিখ ধার্য করেছিলেন নির্মাতা। কিন্তু এবারের ফাড়া এলো নির্বাচন কমিশন থেকে। সেখান থেকে জানানো হয়, মাসব্যাপী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না।

এই ছবিতে মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। সপ্তাহখানেক আগে সাক্ষাৎকারে তিনি বলেন, “কংগ্রেস কাকে ভয় পাচ্ছে? তারা কি ছবিটাকে ভয় পাচ্ছে, না চৌকিদারের (নরেন্দ্র মোদি) ডান্ডাকে।”

এ মন্তব্যের জবাবে কংগ্রেস থেকে বলা হয়, “এটা বাজে মানুষের তৈরি, বাজে অভিনেতার অভিনীত বাজে ছবি।”

‘পিএম নরেন্দ্র মোদি’ পরিচালনা করেছেন অমং কুমার। সিনেমাটি মুক্তি না পেলেও একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে মোদির জীবনী নির্ভর ওয়েব সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত