বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ছন্দে নেই জাতীয় দলের অনেক নিয়মিত তারকা। যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এদিকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খানও প্রকাশ করেছেন উদ্বেগ।
এমনকি সাবেক অধিনায়ক আকরাম টাইগারদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, সিনিয়র কয়েকজন বা পঞ্চপাণ্ডব ছাড়া কেউই দলের অটোমেটিক চয়েজ নয়।
১৮ এপ্রিল ঘোষিত হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড। কারা ঠাঁই পাচ্ছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে? ক্রিকেট ভক্তদের মনে এখন সেটিই বড় প্রশ্ন। কদিন আগেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দল অনেকটাই চূড়ান্ত। মাশরাফী বিন মোর্ত্তজা বলেছিলেন, প্রিমিয়ার লিগের পারফরম্যান্স বিশ্বকাপে খুব একটা প্রভাব ফেলবে না।
কিন্তু দল ঘোষণার সাত দিন আগে ক্রিকেটারদের প্রিমিয়ার লিগের পারফরম্যান্স নিয়ে ভাবনায় পড়েছেন নান্নু-আকরামরা। সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুনরা যে ছন্দে নেই।
বুধবার আকরাম খান তাই রাখঢাক না রেখেই বললেন, ‘‘সিনিয়র যে ক’জন আছে ছাড়া আর কেউই অটোমেটিক চয়েজ নয়। পারফর্ম করেই সেটা হতে হবে। নিউ জিল্যান্ডে না হয় খেলোয়াড়েরা ভালো করতে পারেনি। তবে এখানে তাদের আরও বেশি স্বচ্ছন্দে, আরও বেশি ভালো খেলা উচিত।’’
এমন খেললে বিশ্বকাপেও যে ভালো করা সম্ভব হবে না সেটিও বলে দিলেন আকরাম, ‘‘তাদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেটাও পূরণ করতে পারছে না। এটা বড় সমস্যাই। কারণ আয়ারল্যান্ড বা বিশ্বকাপে এ রকম হলে জেতা কঠিন হবে।’’
তবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সুপার লিগে আরো কয়েকটি ম্যাচ পাবে টাইগাররা। সেদিকে তাই তাকিয়ে আকরাম, ‘‘আশার কথা, লিগের আরও কিছু ম্যাচ বাকি। সেখানে হয়তো রানের মধ্যে ফিরবে তারা।’’
