প্রয়োজনে নুসরাত হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১১:৩৮ পিএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে যৌন নিপীড়ণের পর আগুনে পুড়িয়ে হত্যার মামলাটি প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘যদি প্রয়োজন হয়, তাহলে মামলাটি দ্রুত বিচারে যাবে।’

আইনমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন এ ব্যাপারে মামলা হয়েছে। মামলার তদন্ত শেষে একটি অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদের বলছি এ রকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দেব, যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। কোনো প্রশ্নেরও প্রয়োজন হবে না।’

নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ গ্রেপ্তার হয়েছে ৯ জন। পলাতক ৫ জন। এ ঘটনায় বুধবার সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করা হয়। আর মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিমের ছাত্রী নুসরাত। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’ অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার। সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত শনিবার নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। দীর্ঘসময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বুধবার রাতে সে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত