নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রামপুর গ্রামের গৃহবধূ শারমিন আক্তার (১৯) নির্যাতন মামলায় গত বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও আসামিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। উপরন্তু আসামিরা মামলার বাদী ও তার আত্মীয়স্বজনকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাপ দিচ্ছে মামলা তুলে নিতে। বাদীর মা নুরুন্নাহার বেগম জীবনের নিরাপত্তা চেয়ে নেত্রকোনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
মামলার বিবরণ জানা গেছে, রামপুর গ্রামের আবদুল জলিলের ছেলে রাজিব মিয়া যৌতুকের দাবিতে স্ত্রী শারমিনের ওপর নির্যাতন করে। যৌতুক না দেওয়ায় শারমিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে শারমিনের মা এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে শারমিন আক্তার বাদী হয়ে গত ১১ মার্চ স্বামী রাজিব মিয়া, শাশুড়ি ময়না খাতুন, শ^শুর আবদুল জলিল, স্বামীর আত্মীয় শাহজাহানের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন। মামলার পর এ পর্যন্ত কোনো আসামি আটক বা গ্রেপ্তার হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুস সালাম বলেন, আসামিরা বাড়িঘরে তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের পাওয়া যায়নি।
