ফেনীর সোনাগাজীতে শ্লীলতাহানির বিচার চাওয়ায় আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের শিকার নুসরাত জাহান রাফি ধোয়া তুলসী পাতা নয় বলে মন্তব্য করেছেন জেলার সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগম। সেইসঙ্গে ঘটনার জন্য নুসরাতকেই দায়ী করে মন্তব্য করেছেন তিনি।
শনিবার নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে অধ্যক্ষ তাহমিনা বেগম অনুমতি না দিয়ে এসব বলেন।
ওই কলেজের ছাত্রী তাহমিনা রুমি ও স্নিগ্ধা জাহান রিতার ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানা গেছে। নুসরাত হত্যার বিচার দাবিতে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের ব্যানারে মানববন্ধন করতে চাইলে শিক্ষার্থীরা সকাল ৯ টার দিকে অধ্যক্ষ তাহমিনা বেগমের অনুমতি চান।
ফেসবুকে তাহমিনা রুমি ও স্নিগ্ধা জাহান রিতা জানান, ‘তারপর ম্যাডাম যা বললো তা শোনর জন্য প্রস্তুত ছিলাম না কেউ। ম্যাডাম বলল নুসরাতকে তার স্যার বলেছিল পরীক্ষার আগে প্রশ্ন দেবে তাই নুসরাত নিজ ইচ্ছায় স্যারের কাছে গিয়েছিল।
অথচ এত দিন ধরে আমরা জেনে আসছি কলেজের পিয়নকে দিয়ে নুসরাতকে ডাকা হয়েছে। তবে কি আমরা এত দিন ভুল জানতাম? আমাদের কাছে ভুল তথ্য দিয়েছে মিডিয়া? এসকল প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয়। কে দেবে এই উত্তর? কোথায় পাব সে উত্তর?
ম্যাডাম আরও বলেছিল অতীতে এ ধরনের ঘটনা ঘটে নাই। বর্তমানে ঘটেছে, কারণ বর্তমান মেয়েরা অনেক লোভী। নুসরাত মেয়েটা ধোয়া তুলসী পাতা না। মেয়েটার সঙ্গে যেটা হয়েছে তার জন্য মেয়েটাই দায়ী। এটার জন্য মানববন্ধন করতে আমি কখনোই অনুমতি দেব না’।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ তাহমিনা বেগমকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে অধ্যক্ষ তাহমিনা বেগমের এই মন্তব্য স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। অনেকেই অধ্যক্ষকে ক্ষমা চাইতে ও পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
