মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরেন্দর শেবাগ। আইপিএলে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে ঢুকে পড়া ধোনিকে নিষিদ্ধ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার।
জয়পুরে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ করে বিতর্কে জড়ান ধোনি। তখন রান তারা করা চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারের খেলা চলছিল। ধোনি মাত্রই আউট হয়ে ফিরেছেন। বেন স্টোকসের একটি ফুলটাস বল বোলার প্রান্তের আম্পায়ার ‘নো’ কল করেন। কিন্তু স্কয়ার লেগ আম্পায়ার সেটি ‘নো’ দেননি। বোলার প্রান্তের আম্পায়ার তাই সিদ্ধান্ত পরিবর্তন করেন।
যা মানতে না পেরে মাঠে নেমে পড়েন ধোনি এবং আম্পায়ারদের সঙ্গে আঙুল উঁচু করে কথা বলেন। যে জন্য ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানাতে পার পান ধোনি। তবে বিশেষজ্ঞরা ধোনির এমন কাণ্ডে সমালোচনা করতে ছাড়েনি। শেবাগ বলছেন ধোনিকে কমপক্ষে এক-দুই ম্যাচ নিষিদ্ধ করা উচিত ছিল।
ধোনির ওভাবে মাঠে নেমে পড়াটা মানতে পারছেন না শেবাগ, “আমার মনে হয় না ওর ওই সময় মাঠে নামা উচিত হয়েছে। বাইশ গজের ওপর দুই ব্যাটসম্যান তো ছিল। ওরা তো আম্পায়ারের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথাও বলছিল।’’
এক সময় ধোনি ও শেবাগ ছিলেন সতীর্থ। ভারতীয় দলে সাবেক অধিনায়ক ধোনির ডেপুটি হিসেবেও কাজ করেছেন শেবাগ। অথচ সেই শেবাগই বলছেন, “ধোনির ম্যাচ ফি থেকে জরিমানা নেওয়া হয়েছে। যেটা কিছুই নয়। উচিত ছিল ওকে অন্তত একটা ম্যাচ নির্বাসনে পাঠানো। দুটি ম্যাচ হলেও খারাপ হতো না।’’
কেন এমন বলছেন শেবাগ সেটিও জানালেন, ‘‘কারণ এরপর বাকি ক্যাপ্টেনরাও ওর মতো ব্যবহার করবে। সিদ্ধান্ত পছন্দ না হলেও মাঠে নেমে তর্ক শুরু করবে। এতে ক্রিকেটের স্পিরিটের ক্ষতি হবে এবং আম্পায়ারদেরও অপমান হবে।’’
