রাস্তার বেওয়ারিশ কুকুরকে খাওয়ানোয় মুম্বাইয়ের এক লোককে ৩ লাখ ৬০ হাজার রুপি জরিমানা করেছে নগরীর এক হাউজিং সোসাইটির কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে নগরীর কান্দিভালির নিসর্গ হেভেন হাউজিং সোসাইটিতে।
এখানে বেওয়ারিশ কোনো কুকুরকে খাওয়ানো হলে জরিমানা গুগতে হয়। জরিমানা দেওয়া পশু প্রেমিক নিহা দাতওয়ানি একটি বিজ্ঞাপনী সংস্থার নির্বাহী।
এ ব্যাপারে নিসর্গ হেভেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান মিতেশ বরা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “সোসাইটির বারান্দায় বেওয়ারিশ কুকুরকে খাওয়ালে বড় অঙ্কের জরিমানা করা হবে এ নিয়ে সোসাইটির ৯৮ ভাগ মানুষ একমত হয়ে একটি নিয়ম বেধে দিয়েছেন। সোসাইটির চেয়ারম্যান হওয়ায় সংখ্যা লঘিষ্ট সদস্যদের দ্বারা বেধে দেওয়া নিয়ম অনুরণ করা আমার দায়িত্ব।”
“তবে সোসাইটির বারান্দার বাইরে কোনো কুকুরকে খাওয়ালে আমাদের কোনো সমস্যা নেই। আমরাও প্রাণিপ্রেমী। এখানে প্রাণী অধিকারের কোনো বিষয় যুক্ত নয়। বরং মানবাধিকারের সঙ্গে যুক্ত।”
“এই কুকুরগুলো ছিল আক্রমণাত্মক। তারা বৃদ্ধ, ছোট শিশু বা অন্যদের দেখলে ঘেউ ঘেউ করত। এখানে সুস্বাস্থ্যের ব্যাপার জড়িত। সোসাইটির সদস্যদের অনেক অভিযোগের পরই নিয়মটি করা হয়েছে।”
