পরিচালক ইমতিয়াজ আলী মনে করেন, তার সেরা ছবি ‘তামাশা’। মূল দুই শিল্পী রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন দারুণ অভিনয় করে জিতেছিলেন সমালোচকদের মন।
ছবিতে তাদের চরিত্রের নাম বেদ ও তারা। ‘তামাশা’র সেই ক্যাফের প্রেমের দৃশ্য নিয়ে আজও কথা হয়। ওই আবেগঘন দৃশ্যটি ছুঁয়ে যায় সবাইকে।
অনেকেই ভেবে অবাক হন- বাস্তব জীবনে বিচ্ছেদের পর দুই তারকা কীভাবে সেই দৃশ্যে অভিনয় করেছিলেন।
এই নিয়ে পরিচালক জানান, দুদিন লেগেছিল দীপিকা-রণবীরের এই আবেগঘন দৃশ্যের শুটিং করতে। এতই সুন্দর অভিনয় করছিলেন যে কাট বলতে অসুবিধা হচ্ছিল তার।
ইমতিয়াজ আরও জানান, চরিত্র অনুযায়ী বেদ তারার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। কিন্তু শটের পর তারা দুজনেই খুব আবেগী হয়ে যেতো। একে অপরকে সরি বলত।
ততদিনে রণবীর সিং-এর সঙ্গে ডেটিং শুরু করে দিয়েছেন দীপিকা। পরে তারা বিয়েও করেন। বর্তমানে আলিয়ার সঙ্গে প্রেম করছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ে করতে চলেছেন তারা।
‘তামাশা’ বক্স অফিসে সাফল্য আনতে না পারলেও পরিচালকের মনে এখনো গেঁথে রয়েছে ছবির প্রতিটি দৃশ্য। সেই সঙ্গে রণবীর-দীপিকার অভিনয়।
এদিকে বর্তমানে কার্তিক আরিয়ান ও সারা আলী খানকে নিয়ে ‘লাভ আজকাল টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ইমতিয়াজ। সিনেমাটির প্রথম কিস্তিতে দীপিকার বিপরীতে ছিলেন সাইফ আলী খান।
