সরকার খুনি আর ধর্ষকদের পৃষ্ঠপোষক: মান্না

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১০:৫৭ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার খুনি আর ধর্ষকদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সরকার পুলিশের ওপর খবরদারি করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নুসরাত, তনু ও শিশু মনির হত্যার বিচারের দাবিতে জাতীয় মানবাধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ফেনীর সোনাগাজীতে যারা নুসরাত জাহান রাফির ধর্ষক আর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন করতে চেয়েছে তাদেরকে বাঁধা দেওয়া হয়েছে। অন্যদিকে ধর্ষকের মুক্তি চেয়ে যারা মিছিল করেছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে না। ধর্ষণ এবং খুনের ঘটনায় যাদের নাম এসেছে তারা সবাই সরকারের লোকজন। এখন তাদেরকে বাঁচাতে চেষ্টা করা হচ্ছে। এর আগেও সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ অপকর্ম করেছে। তখন তার কোন শাস্তি হয়নি।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করার পর ছাত্রলীগের নেতাকে পুরস্কৃত করা হয়েছে। এই সরকার ধর্ষক আর খুনিদের কোনো বিচার করে না।

এযাবৎকালে যতগুলো খুন আর ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত সেগুলোর একটিরও কোনো বিচার হয়নি বলে অভিযোগ করেন তিনি।

মান্না বলেন, এই সরকার পুলিশের ওপর ভরসা করেই ক্ষমতায় টিকে আছে। তাই স্থানীয় এমপি, মন্ত্রীরাও এখন পুলিশের খবরদারি করতে পারে না। কারণ পুলিশ এখন তাদের মুখের ওপর বলে দেয়, ‘ভোটে আপনারা ক্ষমতায় আসেন নাই, আমরাই আপনাদের ক্ষমতায় এনেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত