সাকিব আল হাসান কি ২২ তারিখ শুরু বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন? চলমান আইপিএলের জন্য ভারতে তিনি। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। এদিকে গতকাল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে জানালেন, সাকিবকে ক্যাম্পে যোগ দিতে চিঠি পাঠানো হচ্ছে।
‘আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। তারপর দেখা যাক সে কী সাড়া দেয়।’ নাজমুল হাসান বলছিলেন, ‘ক্যাম্প শুরু হলে সে আসবে কী আসবে না এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে, একটা চিঠি দেওয়া দরকার, যাতে সে যোগ দিতে পারে।’
বিসিবির প্রধানের এই কথা মানে তো সাকিবকে ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ। কিন্তু মনে হচ্ছে না ক্যাম্পে সাকিবের দেখা মিলবে। সানরাইজার্স হায়দ্রাবাদ সাত ম্যাচ খেলেছে। সাকিব শুরুর দিকে একটা ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি। এর মধ্যে কৈশোরের কোচ সালাউদ্দিনকে তিনি ভারতে ডেকে নিয়ে গেছেন। ওখানেই নিজেকে প্রস্তুত করার পরিকল্পনা তার।