চট্টগ্রামের সদরঘাট এলাকায় এক কিশোরী পোশাক কর্মীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ৪ নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নিজাম উদ্দিন (৩০), তানিয়া বেগম (২৭), পপি বেগম (৩০), সোনিয়া বেগম (২২), মো. লিটন (২৯) ও ফিরোজা বেগম (৬৫)।
এ বিষয়ে সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, “নগরীর মিস্ত্রী পাড়া এলাকায় মীর ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন ওই নারী শ্রমিক। নিজাম উদ্দিন নামে এক সিএনজিঅটোরিকশা চালকের সঙ্গে গত ৯ মাস আগে তার সম্পর্ক হয়। প্রথম বিয়ের কথা গোপন করে ওই সিএনজি চালক কিশোরী পোশাক শ্রমিককে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, “চলতি মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত তাকে পশ্চিম মাদারবাড়ী এলাকায় আটকিয়ে রেখে তাকে ধর্ষণ করা হয় বলে জানান। এ সময় কিশোরী বিয়ের জন্য চাপ দিলে গ্রেপ্তারকৃত আসামিরা মিলে তার চুল কেটে ও গায়ে আগুনের ছ্যাকা দেয়।”
এদিকে মামলা না করা শর্তে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে পশ্চিম মাদারবাড়ির ওই বাসা থেকে বের করে দেয়া হয় বলে কিশোরীর দাবি। ৭ এপ্রিল বিকেলে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় সোমবার তিনি থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ ৬ জন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবাই সিএনজি চালক নিজামের কাছে আত্মীয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
