চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক লাপাত্তা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৮:৩৫ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশনা, বিভাগীয় সতর্কবাণী কোন কিছুতেই পরিবর্তন হয় নি পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার বেহাল দশার। জেলার  সবচেয়ে বড় উপজেলাটিতে প্রায় চার লাখ মানুষের বসবাস । অথচ, তাদের চিকিৎসা সেবা প্রদানের একমাত্র সরকারী হাসপাতালটি চলছে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে।

পঞ্চাশ শয্যার হাসপাতালটিতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। কোন ধরনের অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থল থেকে লাপাত্তা চার চিকিৎসক। তারা এখন কোথায় আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কর্তৃপক্ষের কাছেও।

তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অনুপস্থিতির কারণে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি পঞ্চাশ শয্যায় উন্নীত হওয়ার পর এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে আশার আলো দেখেছিলেন। এক সময় বেশ কিছু চিকিৎসক হাসপাতালে যোগদানও করেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই অনেকেই ইচ্ছে মতো বদলি নিয়ে চলে যান। তার সঙ্গে চার চিকিৎসকের অনুপস্থিতি উপজেলার চিকিৎসা সেবাকে ক্ষতিগ্রস্ত করেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. অরুন্ধতী কুণ্ডু সহকারী সার্জন (ইএমও) ২০১২ সালের ১৩ আগস্ট থেকে, ডা. গুলে তাজকীয়া সহকারী সার্জন (প্যাথলজি) ২০১১ সালের ১ জুন থেকে, ডা. আরিফা সুলতানা সহকারী সার্জন ২০১০ সালের ৬ সেপ্টেম্বর থেকে এবং ডা. রাশদেুল হক খান মেডিকেল অফিসার ২০১০ সালরে ৩ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বাস্তবে তারা কোথায় আছেন সে সংবাদও তাদের সহকর্মীরা জানেন না।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবিজুর রহমান জানান, এ হাসপাতালের চারজন চিকিৎসক দীর্ঘদিন থেকেই কর্মস্থলে অনুপস্থিত। তাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু সমস্যার কোনো সুরাহা হয়নি।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর জানান, আমি যতদুর শুনেছি ওই চারজন দেশের বাইরে আছেন। তাদের অনুপস্থিতির বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বহুবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত