যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থবির হওয়ার পর প্রথমবারের মতো নতুন ধরনের অস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শক্তিশালী ওয়্যারহেড সমৃদ্ধ নতুন একটি ‘কৌশলগত যুদ্ধাস্ত্রের’ পরীক্ষা চালানো হয়।
আরও বলা হয়, এ পরীক্ষার সার্বিক তদারকি করছেন দেশটির নেতা কিম জং উন।
কয়েক সপ্তাহ আগে কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত সম্মেলন কোন ধরনের চুক্তি ছাড়াই ভেঙে যাওয়ার পর এ পরীক্ষা উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্স জানায়, স্যাটেলাইট থেকে প্রাপ্ত বিভিন্ন ছবিতে উত্তর কোরিয়ার একটি পরমাণু পরীক্ষা কেন্দ্রে কর্মতৎপরতার ইঙ্গিত পাওয়ার পর এ পরীক্ষা চালানো হলো।
কেসিএনএ জানায়, বুধবারের পরীক্ষায় “বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিভিন্ন ধরনের গোলা নিক্ষেপ করা হয়।”
কিম একে পিপলস আর্মির যুদ্ধ ক্ষমতার একটি তাৎপর্যপূর্ণ উন্নতি হিসেবে অভিহিত করেছেন বলেও জানানো হয় প্রতিবেদনে।
যদিও ‘কৌশলগত যুদ্ধাস্ত্র’টি সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি, তবে এটি স্বল্পপাল্লার কোনো ক্ষেপণাস্ত্র হতে পারে। আরও ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিকে ফিরে যাচ্ছে দেশটি।
গত নভেম্বরেও উত্তর কোরিয়া একই ধরনের একটি পরীক্ষা চালায়।
