বিয়ের অনুষ্ঠান থেকে ভোট দিতে চলে গেলেন নবদম্পতি। বিয়ের পোশাকও ছাড়েননি তারা। ভারতের লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরের উধমপুরের এক ভোট কেন্দ্রে তাদের ভোট দিতে দেখা যায় তাদের।
এনডিটিভি জানায়, ভোট দিতে যাওয়া বর-কনের হাতে ছিল ভোটার স্লিপ। বরের পরনে বিয়ের চিরাচরিত স্যুট আর কনে পড়েছিলেন লাল রঙের কুর্তি।
এভাবেই লোকসভার দ্বিতীয় দফা ভোট গ্রহণের দিন তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের দেখে বেশ উচ্ছ্বসিত ভোট কেন্দ্রের কর্মীরাও।
ভোট দেওয়া শেষে সংবাদ সংস্থা এএনআইর সঙ্গে কথা বলেন এ নবদম্পতি। স্বামী জানালেন, “বিয়ের অনুষ্ঠান তিন চার দিন ধরে চলে তার মধ্যে থেকে দশটা মিনিট বের করে ভোট দিতে না আসার কোনো কারণ নেই।”
তার মতে, “গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পাঁচ বছরের জন্য প্রতিনিধি নির্বাচন করি। তাই এখন যদি কোনো রকম ভুলচুক হয় তার দায় আমাদেরই নিতে হবে।”
স্বামীর সঙ্গে প্রায় এক সুরে স্ত্রীও বলেন, “ভোট খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেশের উন্নয়ন যাতে ভালোভাবে হতে পারে তা নিশ্চিত করতে আমাদের সকলেরই ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।”
বুধবার দেশের বিভিন্ন প্রান্তের ১১টি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৯৫টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে কাশ্মীরের উধমপুর ছাড়া শ্রীনগরও আছে। কাশ্মীরের অন্যান্য আসনে ভোট গ্রহণ হবে অন্য দফায়।
উধমপুর এ রাজ্যের অন্যতম বড় আসন। প্রায় ১৭ লাখ ভোটার এই কেন্দ্রে আছেন। ৬টি জেলার ১৭টি বিধানসভা নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে।
