বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, ২০১২ সালের ১৭ এপ্রিল এম. ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে ঢাকার বনানী এলাকা থেকে গুম করা হয়। একই বছরের ৩ এপ্রিল সিলেট জেলা ছাত্রদলের তৎকালীন সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদকে বনানী থেকে গুম করা হয়। ৭ বছর পেরিয়ে গেলেও গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার কার্যকর কোন উদ্যোগ নেই। স্মারকলিপিতে অবিলম্বে ইলিয়াস আলীসহ গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাহির চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা কামরুল হুদা জায়গীরদার, একেএম তারেক কালাম, এটিএম ফয়েজ, কামাল মিয়া, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আতিকুর রহমান সাবু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মঈনুল হক, আবদুল আহাদ খান জামাল, আবুল কাশেম প্রমুখ।
